
দেশে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও সমান গুরুত্বপূর্ণ।
শনিবার, ১৯ জুলাই বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে এবং সেটি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধের সমন্বয় না থাকলে তা জনস্বার্থের পরিপন্থী হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ প্রচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে আতিকুর রহমান রুমন বলেন, ‘স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—গণমাধ্যমের কাছে সরকারের এমন প্রত্যাশা রয়েছে।