
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেয়ে অনয়া সরকার লোকসংগীতের জাতীয় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের এই খুদে লোকসংগীত শিল্পীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনয়া সরকার বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। জাতীয় পর্যায়ের এই লোকসংগীত প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে সে নিজেকে দেশের সেরা খুদে লোকসংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মনোজ্ঞ এই পুরস্কার বিতরণী উৎসবে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত গুণীজনেরা উপস্থিত ছিলেন।
অনয়ার স্থায়ী নিবাস টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে। সে শংকর সরকার ও তুলি সরকার দম্পতির আদরের কন্যা। অনয়ার বাবা শংকর সরকার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। মেয়ের এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত বাবা শংকর সরকার বলেন:
‘আমার স্ত্রী তুলি সরকার ও অনয়ার সংগীত শিক্ষক অশোক কুমার বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম এবং অনয়ার নিষ্ঠাই আজকের এই অর্জনের মূল ভিত্তি।’