
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির অবনতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের বায়ুদূষণ বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। শহরটির দূষণ সূচক ৬০০-তে পৌঁছায়, যা মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার নির্ধারিত বিপজ্জনক সীমার প্রায় দ্বিগুণ।
মার্কিন সরকারি তথ্য বলছে, মিনেসোটা, মিশিগান, উত্তর ইলিনয়, উত্তর ওহাইও এবং কানাডার অন্টারিও অঞ্চলে ধোঁয়ার ঘনত্ব অত্যন্ত বেশি। একই সঙ্গে মিনিয়াপোলিস, মিলওয়াকি ও টরন্টোসহ বড় কয়েকটি শহরেও বায়ুর মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে নেমে এসেছে। এছাড়া মিনেসোটা থেকে মেরিল্যান্ড পর্যন্ত অন্তত ১০টি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর বায়ুর সতর্কতা জারি করা হয়েছে।
শিকাগোর বাসিন্দা স্টেফানি ভিলানোভা বলেন, বাইরে তাকালে কুয়াশা মনে হলেও আসলে পুরো শহর ধোঁয়ায় ঢেকে গেছে। বাইরে বের হলেই চোখ ও গলায় জ্বালাপোড়া অনুভূত হচ্ছে। তিনি ও তার বাবা দুজনেই মাস্ক পরে বাইরে বের হয়েছিলেন।
দূষিত বায়ুর কারণে মিনেসোটায় একাধিক কনসার্ট, মেলা এবং অন্যান্য উন্মুক্ত আয়োজন বাতিল করা হয়েছে। পাশাপাশি মিনিয়াপোলিসে পৌর সুইমিং পুল, প্রকৃতি ক্যাম্প, গলফ কোর্স এবং সব ধরনের আউটডোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী এমিলি ফিশার বলেন, বর্তমানে ধোঁয়ার একটি বিশাল প্রবাহ সরাসরি মধ্য-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে। তার মতে, এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব, যা এখন মানুষের শ্বাস-প্রশ্বাসেও প্রভাব ফেলছে।
এদিকে নিউইয়র্কের আকাশও কমলা রঙের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং হৃদ্রোগ বা শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেন, এই দিনের পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে এবং সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে। পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন লাইব্রেরি, পুলিশ স্টেশন ও ফায়ার স্টেশনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।