
জাতীয় যুব দিবস উদযাপনে আগের সময়সূচিতে ফিরছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক যুব দিবস আগের মতোই ১২ আগস্ট পৃথকভাবে উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৩তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দুটি দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে প্রথমবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষা মৌসুমে দুটি দিবস একসঙ্গে পালন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা যায়নি। এর ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার মুখে পড়েন।
এতে আরও বলা হয়, জাতীয় যুব দিবসের বাইরে অন্য সময়ে যুবমেলা আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। পাশাপাশি জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালন করা হয়ে থাকে।
এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলাদা দিনে উদযাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফলে আগামী বছর থেকে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হবে।