
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি এখনও একই এলাকায় রয়েছে। অনুকূল পরিবেশে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং সমুদ্রবন্দরসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।