
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। আপনারা যেমন একটি শিশুর জন্মের পর তার যত্ন নেন, ঠিক তেমনি এই চারাগুলোরও প্রতিদিন যত্ন নিতে হবে।”
প্রধানমন্ত্রী খালপাড়ে পৌঁছালে বাটাজোর বাজারসংলগ্ন এলাকার গৃহবধূ ও কৃষকেরা তাঁকে শুভেচ্ছা জানান। জবাবে তিনি হাত নেড়ে উপস্থিত গ্রামবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।
পরে গৌরনদীর কর্মসূচি শেষ করে সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ৩৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই পাশে তাঁকে শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
বরিশাল নগরে পৌঁছে ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর গৌরনদী সফরে গেলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এ উপজেলায় সফর করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে গত ৪ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।