
বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে এগোবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো শর্ত সরকার মেনে নেবে না।
রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন নীতিগত পরিকল্পনা নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে আইএমএফের সঙ্গে যে ঋণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেখানে এমন কিছু শর্ত ছিল যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। এ কারণেই বর্তমান সরকার সেই কর্মসূচি থেকে সরে এসেছে।
অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঋণের অর্থ পাওয়া নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে এমন একটি নতুন কর্মসূচি নিয়েই আমরা আইএমএফের সঙ্গে আলোচনা করছি। যে কর্মসূচিতেই আমরা অংশ নিই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সুরক্ষিত থাকবে।’’
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতে দেশের বিদ্যমান ভিসানীতিতে পরিবর্তনের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ভিসা ব্যবস্থা আরও সহজ, কার্যকর এবং আন্তর্জাতিক মানের উপযোগী করে তুলতে হবে।
অর্থমন্ত্রীর মতে, ভিসা প্রক্রিয়া সহজ হলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এসে বিনিয়োগ করা আরও সহজ হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গ্রহণযোগ্যতা ও আস্থাও আরও শক্তিশালী হবে।