
রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, পরিবেশ উন্নয়ন এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় লেক পুনরুদ্ধার, অবৈধ বর্জ্য নির্গমন বন্ধ এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবরের উন্নয়ন এবং রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক করতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ছয় মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নেতৃত্বে গুলশান লেকের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশগত মানোন্নয়নের কাজ বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী বৈঠকে ঢাকার বিভিন্ন লেক পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আবাসিক ও বাণিজ্যিক ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিভিন্ন উপস্থাপনা পর্যালোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর জলাধার ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।