
টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি মানুষকে দেখতে গিয়ে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা মাঠপর্যায়ে কাজ করছে।
তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা ও দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমানও উপস্থিত ছিলেন। তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।