
বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান গুনাকর ভট্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (৭ জুলাই) গুনাকর ভট্টের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং দুই দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে সহায়ক সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
বিশেষ করে বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় হয়।
বৈঠকের শেষে বাংলাদেশ-নেপাল অংশীদারিত্বকে আরও গভীর করা এবং বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।