
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই নয়, বরং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। বর্তমানে টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত মুদ্রণকাজ শুরু করা যায়।
পাঠ্যক্রমেও কিছু পরিবর্তন আনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিভিন্ন শ্রেণির জন্য নতুন করে চারটি বই অন্তর্ভুক্ত করা হচ্ছে।