
গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পল্লী উন্নয়ন এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষি সহযোগিতা, কৃষি সেচ এবং কৃষি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারি কার্ডের মাধ্যমে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে সিরডাপের কর্মকাণ্ডের প্রশংসা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত ৫ যুগ ধরে সিরডাপ পল্লী ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্থাটির অবদান অনস্বীকার্য।