
দেশি-বিদেশি বিনিয়োগের প্রবাহ ও অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণের ফলে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চট্টগ্রামের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মতে, ভবিষ্যতে চট্টগ্রাম দেশের প্রধান অর্থনৈতিক ও লজিস্টিক হাবে পরিণত হবে এবং সাম্প্রতিক বাজেটেও সেই সম্ভাবনার প্রতিফলন ঘটেছে।
তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে গত এপ্রিল মাসে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
এই লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি এবং ক্রীড়াভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিয়ে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।