
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে। স্বজন হারানোর বেদনাময় অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন পরিবার সদস্য। তাদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভা। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উঠে তাদের প্রিয়জনদের হারানোর স্মৃতি এবং সেই সময়ের সংগ্রামের কথা তুলে ধরেন।
এক পর্যায়ে এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। তার বক্তব্যে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত অতিথি ও দর্শকদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদ পরিবারের সদস্যদের বেদনাময় স্মৃতিচারণ শুনতে গিয়ে তার চোখে অশ্রু দেখা যায়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করা হয়।