
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এক বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার রাত ১২টা তথা প্রথম প্রহরে, এই গণবিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিগত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘ পুঞ্জীভূত ক্ষোভেরই সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছিল গত জুলাই-আগস্টে।
শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর আবেগঘন শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন:
"আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো বুক চিতিয়ে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় দেখিনি, কিন্তু ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো দাঁড়িয়ে তপ্ত বুলেট বরণ করতে দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহনাফের মায়ের চোখের জল দেখেছি। সেই অশ্রু প্রশান্ত মহাসাগরের চেয়েও গভীর।"
স্বৈরাচারী শক্তির পুনরুত্থান ঠেকাতে ছাত্রসমাজকে সর্বদা জাগ্রত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন:
"আমাদের আলোক প্রজ্বলিত করতে হবে। এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটি জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী শক্তির আর কখনও আগমন ঘটতে না পারে। শহীদদের স্মৃতি শুধু একটি দিনের জন্য নয়, একটি মাসের জন্যও নয়; তারা আমাদের প্রতিদিন জাগিয়ে রাখবে।"
বিগত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা বলেন:
"ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনো সমাজের নানা জায়গায় রয়েছে। তারা দেশের টাকা চুরি করেছে, মেট্রোরেল ও পদ্মা সেতুর অর্থ পর্যন্ত লুট করেছে। তারা গ্রামগঞ্জে তৃণমূলে রক্তের হোলি খেলতে পারে, আমরা দেখছি। তাই ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকতে হবে। ইতিহাস বলে, ছাত্রসমাজ কখনো ঘুমায় না।"
ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে রিজভী বলেন:
"এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে, প্রজ্বলিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন:
"তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা সবাই জাতীয়তাবাদী। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদী চিন্তা চেতনার বহিঃপ্রকাশ।"
স্মরণ ও শ্রদ্ধা জানানোর এই বিশেষ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।