
বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো ঊর্ধ্বগতি হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষ্য, এবারের বাজেট বাস্তবভিত্তিক, ভারসাম্যপূর্ণ এবং সাধারণ মানুষের স্বস্তিকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে পণ্যমূল্য স্বাভাবিক রয়েছে।
তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ উল্লেখ করে বলেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। তার মতে, এই বাজেট সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তত কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে বিদ্যমান বিভিন্ন সংকটকে সরকার অস্বীকার করতে চায় না, আবার সেগুলোকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না। তিনি উল্লেখ করেন, অর্থ পাচারের কারণে একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতের ঘটনাগুলোতে আটকে না থেকে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির দিকেই এগিয়ে যেতে চায় সরকার।