
জাতীয় সংসদ ভবন পরিদর্শনের বিরল সুযোগ পেয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চারজন শিক্ষক। সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কাছে এটি ছিল স্মরণীয় ও স্বপ্নপূরণের এক অভিজ্ঞতা।
সফরের বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চায়ও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সাক্ষাতের একপর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এটিকে তাদের জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শনে অংশ নেয় মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল ঘুরে দেখেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এবং চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
এ ছাড়া শিক্ষা সফরের অংশ হিসেবে তারা সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগারও পরিদর্শন করেন।