
বিশ্বকাপ ফুটবলের উত্তাপ যতই বাড়ছে, ততই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ফুটে উঠছে দলীয় সমর্থনের রঙ। সাধারণ দর্শকদের মতোই শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যদের প্রিয় দল নিয়েও চলছে আলোচনা, কৌতূহল। ২০২৬ বিশ্বকাপের এ সময়েই প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি ও তাঁর পছন্দের জাতীয় দলের পরিচয়।
লং সময় যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতার কারণেই ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যারি কেইনদের নিয়ে গড়া ‘থ্রি লায়ন্স’ দলের প্রতি তার এই সমর্থনের কথা তিনি নিজেই জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই আমি এই দলের সমর্থক।’
অন্যদিকে, এই পরিবারের ফুটবল ঐতিহ্যের আরেক পরিচিত দিক হলো ব্রাজিল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতা নতুন প্রজন্মেও বহমান আছে বলে অনেকে মনে করেন।
দাদীর সেই ফুটবল ভালোবাসার ছায়া পাওয়া গেছে নাতনী জাইমা রহমানের কর্মকাণ্ডেও। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেন। ছবিটিতে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও একটি বিমান থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন।
স্টোরির ক্যাপশনে জাইমা রহমান লেখেন, ‘আপনারা কি রেডি?’। পাশাপাশি ব্রাজিলের ফুটবল আবহকে তুলে ধরতে তিনি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি।