
বগুড়ার নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ ঘিরে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বংশ ও দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি প্রত্যাখ্যান করে বলেছেন, এসব নাম কাকতালীয়ভাবে নির্ধারিত হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম তার বংশের নামে ‘মীরবাড়ী’ রাখা হয়েছে এবং আরও দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের নামে কোনো প্রতিষ্ঠান বা নামকরণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী আগেই সিদ্ধান্ত দিয়েছেন এবং সবাই সেটিকে স্বাগত জানিয়েছে। তার মতে, নাম পরিবর্তন ও সংশোধন নিয়ে অতীতে যে সময় নষ্ট হয়েছে, একই প্রবণতা আবার দেখা যাচ্ছে।
মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে এসব অভিযোগ অস্বীকার করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মোকামতলা এলাকার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন দীর্ঘদিন ধরে আয়তনে বড় ছিল। প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম ‘সীমান্ত ইউনিয়ন’ রাখা হয়েছে। একইভাবে গাইবান্ধার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী এলাকার ভিত্তিতে ‘দিগন্ত ইউনিয়ন’ নাম নির্ধারণ করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। কাকতালীয়ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিল আছে। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে নামের আগে “মীর” যুক্ত করার জন্য বলতাম। কিন্তু এসব নামের আগে “মীর” নেই।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড আমার ব্যাংক, কিংবা সীমান্ত এক্সপ্রেস আমার ট্রেন। একইভাবে গুলশান-১–এর দিগন্ত টাওয়ারও যে আমার নয়, সেটাও তিনি বলেননি।’
প্রতিমন্ত্রীর বক্তব্যের সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়।
নতুন কাঠামোয় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়।