
জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সংসদে বিরোধীদল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধারা আরও শক্তিশালী হবে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালের পর সংসদে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তিনি বলেন, ‘এরপর আসলে সরকারই বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে। জনস্বার্থসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদল ভূমিকা রাখছে। সামনে আরও শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে।’
তিনি আরও বলেন, অতীতে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ, এমনকি ফাইল-কাগজ ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করা হতো। তিনি বলেন, ‘এই সংসদে একটা অধিবেশন কতটা ব্যয়বহুল সেটা সবাই জানি। সেই অর্থ যেন যথাযথভাবে জনগণের কল্যাণে যায়, এজন্য বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে।’
বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল।’ তিনি আরও বলেন, ‘নরম ও গরম বিরোধী দল ভাববেন না। যৌক্তিক বিরোধী দল হতে চাই। জনস্বার্থে সংসদে আছি এবং জনস্বার্থে শেষ পর্যন্ত সংসদে সরব থাকবো। পাশাপাশি, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলতে পারবো ততদিন সংসদে থাকবো।’
বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জুনে বাজেট ঘোষণার পরিবর্তে জানুয়ারিতে নিলে অর্থের অপচয় রোধ সম্ভব হবে। এ বিষয়ে বিরোধীদল সংসদে আরও জোরালোভাবে কথা বলবে বলেও জানান তিনি।