
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
প্রতিষ্ঠানটি জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সবসময় সচল রাখতে হবে।
জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা ও বিবরণ বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি বা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে জানা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।