
জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের একদিন পরই এর বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের অগ্রাধিকার, বাস্তবায়ন কৌশল এবং অর্থনীতি ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আজ সংবাদ সম্মেলন করবেন তিনি।
শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন অর্থমন্ত্রী। পাশাপাশি সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার, রাজস্ব আহরণের পরিকল্পনা এবং বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও কথা বলবেন তিনি।
এ ছাড়া বাজেটকে কেন্দ্র করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাও দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।