
সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ রোববার (৭ জুন) আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় (আইএমবিএল) এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর কার্যক্রমটি সম্পন্ন হয়। ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন ৪টি ফিশিং বোটসহ (মাছ ধরার ট্রলার) এই ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া ও আইনি কাঠামো অনুসৃত হলে বাংলাদেশ সরকার বরাবরই বিদেশে বিপদে পড়া বা আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন ও আইনি সুরক্ষায় সর্বোচ্চ সহায়তা দিয়ে থাকে।
বিপুল সংখ্যক এই মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করতে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করেছে।
এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো একযোগে কাজ করেছে।
ফিশিং বোটসহ ৯১ জন জেলে নিরাপদে দেশের মাটিতে ফিরে আসায় তাদের পরিবার ও উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মৎস্যজীবীদের দ্রুত নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।