
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার (৭ জুন)। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে নিহত শিশুর পরিবারসহ সংশ্লিষ্টরা।
রায় ঘোষণাকে সামনে রেখে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রধান আসামি সোহেল রানাকে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে স্বপ্না আক্তারকে ঢাকার আদালতে আনা হয়। পরে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।