
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের এক উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে সরকার। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী নিজেই এই বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে এ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সভায় গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতন বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত অন্য আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে।
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বস্তায় কিভাবে অ্যাম্বুলেন্স তৈরি করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ সভায়।