
পবিত্র হজ পালন করতে যাওয়া হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, হজযাত্রীরা যেন দীর্ঘ সময় খোলা রোদে অবস্থান না করেন এবং অতিরিক্ত গরমের সময় অপ্রয়োজনে হাঁটাচলা এড়িয়ে চলেন। প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করারও পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া বাইরে বের হলে ছাতা ব্যবহার, মাথা ঢেকে রাখা এবং ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। শরীরে পানিশূন্যতা রোধে নিয়মিত ও পর্যাপ্ত পানি পান করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় বলছে, তীব্র গরমে হিটস্ট্রোক, ক্লান্তি ও পানিশূন্যতার মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই হজযাত্রীদের সুস্থতা ও নিরাপদে ইবাদত পালনের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এবারের হজ মৌসুমে হজযাত্রীদের সচেতন করতে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজে সচেতনতামূলক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।