
সরকারি ক্রয় কার্যক্রমে শতভাগ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে আর কোনো ম্যানুয়াল বা অফলাইন টেন্ডার কার্যক্রম পরিচালনার সুযোগ থাকছে না।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ মঙ্গলবার বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় এ তথ্য জানান।
‘ক্রয় প্রক্রিয়া উত্তর পুনর্নিরীক্ষণ’ বিষয়ক কর্মশালায় তিনি বলেন, ১ জুলাইয়ের আগে কোনো টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি শুরু হয়ে থাকলে, সেই টেন্ডারের বাকি ধাপগুলো আগের নিয়মেই সম্পন্ন করা যাবে। তবে নতুন করে আর কোনো অফলাইন টেন্ডারের অনুমোদন দেবে না বিপিপিএ।
তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী সরকারি সব ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক করা হয়েছে। পরে অধ্যাদেশটিকে আইনে পরিণত করে চলতি বছরের ১০ এপ্রিল এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এতদিন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ অনুমোদনের মাধ্যমে কিছু ক্ষেত্রে ম্যানুয়াল টেন্ডারের সুযোগ দেয়া হতো। তবে এখন সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে পুরোপুরি অনলাইন পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।