
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাশকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনসংক্রান্ত রুল খারিজ করে এই আদেশ দেন।
আদালত একই সঙ্গে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা আরও চারটি মামলায় জামিন সংক্রান্ত রুলের রায় আগামীকাল ঘোষণা করা হবে বলে জানান।
এর আগে ৭ মে এসব মামলায় কেন চিন্ময় কৃষ দাসকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেয়, আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ এখনো চলমান থাকায় এই পর্যায়ে জামিন দেওয়া হলে বিচার কার্যক্রম ব্যাহত হতে পারে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, জামিন দিলে মামলার বিচারপ্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।
সব পক্ষের শুনানি শেষে আদালত আপাতত জামিন আবেদন নাকচ করে দেন।