
চট্টগ্রামে হামের প্রকোপ ও শিশু মৃত্যুর ঘটনায় সরকারকে সরাসরি দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে শিশু মৃত্যুর দায় এড়ানো যাবে না।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে এক রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে হামের কারণে শতাধিক শিশু মারা গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার দাবি, শুধু পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না। তিনি দ্রুত তদন্ত, কার্যকর ব্যবস্থা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, দেশে রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। সংসদে দেওয়া কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে আন্তরিকতা ছিল না। তার মতে, সংস্কার ও বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিকভাবে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে।
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, সেখানে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে যেসব ঘটনা ঘটেছে, তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এ কারণে বাংলাদেশকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহও বক্তব্য দেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীর এনসিপিতে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার পরও অনেকেই রাজনৈতিকভাবে হতাশ হচ্ছেন।
চট্টগ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর যোগদানের দাবি করা হয়। অনুষ্ঠানের সময় প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং ভিড় ও হট্টগোলের কারণে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।