
সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ঢাকা কারখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন।
বুধবার (৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কারখানাটি তিনি পরিদর্শন করেন। গত ২৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন এবং পরিচালক (চলতি দায়িত্ব) মো. শফিকুল ইসলাম।
কারখানা পরিদর্শনের সময় মহাপরিচালক উৎপাদন ইউনিট, মান নিয়ন্ত্রণ বিভাগ, গুদামজাতকরণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ঔষধ উৎপাদনের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে গুণগত মান নিশ্চিতে কঠোর অবস্থান নেন।
বিশেষভাবে মান নিয়ন্ত্রণে উন্নত পরীক্ষার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে মো. আলমগীর হোসেন আন্তর্জাতিক মান বজায় রেখে ঔষধ উৎপাদনের ওপর জোর দিয়ে তিনটি নির্দেশনা দেন—উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জনবলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ এবং উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ।
তিনি বলেন, “জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ প্রস্তুতে কোনো আপস করা হবে না।”
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, ঢাকা কারখানার পাশে আধুনিক প্রযুক্তিনির্ভর বহুতল উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া গোপালগঞ্জ কারখানায় সাপের বিষ প্রতিষেধকসহ বিভিন্ন টিকা উৎপাদনের জন্য পৃথক স্থাপনা নির্মাণ, হাম–রুবেলা, জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধী টিকার শেষ ধাপের উৎপাদন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ এবং খুলনা কারখানায় মোড়ক তৈরির পৃথক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মানসম্মত ঔষধ সরবরাহ আরও জোরদার হবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।