
রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, থানায় আগত সাধারণ মানুষকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। তিনি দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
পাশাপাশি দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।