
সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদের মধ্যে ৮০ শতাংশ নারী থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। তারা জনগণকে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ, এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা হাইজিন বিষয়ে পরামর্শ দেবেন।
তিনি আরও বলেন, শহরের তুলনায় গ্রামীণ জনগণ এখনও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করে অসুস্থতার হার কমিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এ সময় তিনি সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয় উল্লেখ করেন এবং চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার কথাও তুলে ধরেন। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন এবং রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
সরকারের এই ঘোষণাকে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।