
হজযাত্রী পরিবহনে গতি বাড়ছে—ইতোমধ্যে শতাধিক ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন হাজারো বাংলাদেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন।
শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।
এদিকে হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং দেশে ফেরার এই কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।