
সম্ভাব্য নাশকতার হুমকিকে সামনে রেখে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের পরিকল্পনা ঘিরে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে পরিস্থিতি নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা তথ্য বলছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগসহ রাজধানীর ব্যস্ত এলাকাগুলোকে লক্ষ্য করে বোমা হামলা বা দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার ছক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বিশেষ করে জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ না থাকে।
ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য হুমকি থাকলেও সিটিটিসিসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি শনাক্তে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।