
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্য (জিরো) পর্যায়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে নিজ এলাকার ১৫ সদস্যের একটি ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সমাজে ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা যেন সমাজে দরবার ও সালিশি মীমাংসার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখেন, সেই আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ বসবাস করে। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন ও সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হবে, যাতে তারা সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে পারেন। এর আগে খ্রিস্টান প্রতিনিধিদলও সংসদ ভবন পরিদর্শন করেছে বলে জানান তিনি।
এ সময় তিনি ইমাম প্রতিনিধিদলের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ডেপুটি স্পিকার বলেন, তিনি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাদের কারণেই আজ তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে। তিনি সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।