.png)
হরমুজ প্রণালি পেরোতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ঘিরে উদ্বেগের মধ্যেই সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নৌমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।’
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রয়েছে। তবে একটি মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এর প্রমাণ হিসেবে বিভিন্ন জায়গায় হাজার হাজার লিটার ডিজেল মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ আছে। তারপরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, বন্দরের আর্থিক লাভ, প্রযুক্তিগত উন্নয়ন ও সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।