
জ্বালানি সরবরাহ জোরদারে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে, যা শনিবার বিকেলে পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।
শনিবার (১৮ এপ্রিল) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসসকে জানান, ভারত থেকে পাঠানো এই ডিজেল বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছে।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছিল এবং নির্ধারিত সময় অনুযায়ী পুরো ৫ হাজার মেট্রিক টন চালান ডিপোতে পৌঁছায়।
কাজী মো. রবিউল আলম আরও বলেন, ভারত থেকে জ্বালানি আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া শিগগিরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু হবে বলেও জানান তিনি।
জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল প্রথম দফায় ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়। সর্বশেষ চালানসহ এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।