
আসন্ন পবিত্র হজকে ঘিরে দেশের যাত্রীদের সৌদি যাত্রা নির্বিঘ্ন করতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সরকার। এই প্রস্তুতি শেষে ২০২৬ সালের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ বছরের হজ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ধিত ফ্লাইট সূচি এবং কমানো বিমান ভাড়ার মাধ্যমে হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে অংশ নেবেন। প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এবারের হজ যাত্রীদের জন্য টিকিট মূল্য আগের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।