
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার ও প্রযুক্তিনির্ভর “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিকায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের কাজ করছে।
তিনি আরও বলেন, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব মূল্যায়ন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৫০তম বিসিএসের সময়সূচি নির্ধারণ করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান কমিশন গঠনের পর ইতোমধ্যে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।