
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকার পরিচালন ব্যয় কমাতে ৯টি খাতে কড়াকড়ি আরোপ করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে তা সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে জানানো হয়, সরকারের পরিচালন ব্যয় হ্রাসকল্পে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৯টি খাতে নিচের নির্দেশনাগুলো বহাল থাকবে।
১) সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
২) সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
৩) প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
৪) সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হ্রাস করতে হবে।
৫) ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
৬) সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করতে হবে।
৭) সরকারি কার্যালয়ে জ্বালানি বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
৮) আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
৯) ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়েছে।