
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া শঙ্কার মধ্যেই বাংলাদেশকে আশ্বস্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ওই পথে চলাচলকারী কোনো বাংলাদেশি জাহাজ আর আটকানো হবে না।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, সে লক্ষ্যে সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে কোনো সংকট নেই। পাশাপাশি, হরমুজ প্রণালিতে যদি কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকে, সেগুলোও ছেড়ে দেওয়া হবে বলে ইরান আশ্বাস দিয়েছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এমন কূটনৈতিক সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। অন্যথায় এর প্রভাব বিশ্বজুড়ে নেতিবাচকভাবে পড়তে পারে। বাংলাদেশ দ্রুত সংলাপের মাধ্যমে কার্যকর সমাধানে পৌঁছানোর পক্ষে।
প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, লেবাননে বাংলাদেশ মিশনের কিছু কর্মী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। সেখানে নিহত এক বাংলাদেশি নারীর মরদেহ দেশে আনতে কিছুটা সময় লাগতে পারে, তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান তিনি। এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সবার প্রতি।