
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ, যা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানার একটি দল বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ৩৬ নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।