.jpeg)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ সোমবার(৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc SÉRÉ-CHARLET সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও সচিব মোঃ রায়হান কাওছার উপস্থিত ছিলেন।
মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি, শব্দ দূষণ রোধ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর মাধ্যমে বর্জ্য সংগ্রহ, অপসারণ ও মাতুয়াইলের মতো ল্যান্ডফিল সাইটগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনাসহ প্লাস্টিক বর্জ্য হ্রাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী দেশগুলো আমাদের পাশে থাকবে।
বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে পরিবেশ মন্ত্রী আরো বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি এবং বছরে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকার এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
এছাড়া, রাষ্ট্রদূত ফরাসি সরকারের অর্থায়নে এ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত Jean-Marc SÉRÉ-CHARLET বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সবুজ বনায়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ রোধ, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।