
আজ রোববার (২৯ মার্চ) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সরাসরি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন,যা প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে।
সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তবে প্রচলিত নিয়ম ভেঙে তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে না গিয়ে হেঁটে সরাসরি ৬ নম্বর ভবনের দিকে রওনা হন। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর তিনি একই ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত উঠে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন। পরবর্তীতে ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।
এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে তিনি আবার মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
দিনটির বাকি সময়েও নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকছেন প্রধানমন্ত্রী। সকালে তিনি কৃষক কার্ড সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
এই সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।