
সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব স্তরে বড় ধরনের রদবদল সম্পন্ন হয়েছে। পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে একযোগে ১২টি মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৫ মার্চ) রাতে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের তথ্য জানিয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত সচিবদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে, ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। এ ছাড়া এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। এছাড়া চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।