
দেশে ফেরত আনার প্রক্রিয়া এগিয়ে চলছে ভারতের পলাতক ওসমান হাদি হত্যার আসামিদের জন্য। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ সময় মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বের সমর্থন কামনা করেন। তিনি এটিকে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস হিসেবে উল্লেখ করেন।
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মন্ত্রী বলেন, “রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”