
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। কক্সবাজার ও ভাসানচরের শরণার্থীদের জন্য এতদিন যে সমান মাসিক সহায়তা দেওয়া হতো, তা বন্ধ করে নতুন কাঠামো চালু করা হচ্ছে।
নতুন এই ব্যবস্থায় শরণার্থী পরিবারগুলোকে তিনটি আলাদা শ্রেণিতে ভাগ করা হবে এবং সেই অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএফপি জানায়, প্রথম শ্রেণিতে থাকা ব্যক্তিরা কক্সবাজারে প্রতি মাসে জনপ্রতি ১২ ডলার এবং ভাসানচরে ১৩ ডলার পাবেন। দ্বিতীয় শ্রেণির জন্য কক্সবাজারে বরাদ্দ থাকবে ১০ ডলার এবং ভাসানচরে ১১ ডলার। আর তৃতীয় শ্রেণির ক্ষেত্রে কক্সবাজারে জনপ্রতি ৭ ডলার ও ভাসানচরে ৮ ডলার করে দেওয়া হবে।
এই পরিবর্তনের মাধ্যমে সহায়তা আরও লক্ষ্যভিত্তিকভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।