
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেবো না। এ ছাড়া যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, শহিদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি, তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। সব হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।