
আজ ১৭ মার্চ, শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি, যিনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতৃত্বে পরিণত হন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বঙ্গবন্ধু। বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে প্রায় সব গণআন্দোলনে তিনি ছিলেন অন্যতম নেতৃত্বে। এসব আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাঁকে বহুবার কারাবরণও করতে হয়েছে।
প্রতিবছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেও এবার তেমনটি হচ্ছে না। তবে আওয়ামী লীগের অফিশিয়াল ই-মেইল থেকে দিনটি উপলক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।