
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দেশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোতে গ্রাহকদের প্রয়োজন মেটাতে ব্যাংকগুলো খোলা থাকছে।
মঙ্গলবার (১৭ মার্চ) এসব অঞ্চলে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। সোমবার (১৬ মার্চ) জারি করা এ নির্দেশনা পরবর্তীতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখতে হবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম স্বাভাবিক রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলকেন্দ্রিক বিশেষ কিছু ব্যাংক শাখা আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এ দুই দিন ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এই সুবিধার আওতায় দেশের প্রধান পোশাকশিল্পসমৃদ্ধ অঞ্চলগুলো রয়েছে। এর মধ্যে সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শাখাগুলো অন্তর্ভুক্ত।
অন্যদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওপরই থাকবে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদ্যাপিত হয়, তবে ওই দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।